দুমকিতে নোহা মাইক্রোবাস থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
- Update Time : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১৪ Time View

মোঃ আরিফুর রহমান মামুন বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী:
পটুয়াখালীর দুমকিতে পুলিশের বিশেষ অভিযানে নোহা মাইক্রোবাস থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে মাইক্রোবাসে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে উপজেলার লেবুখালী টোল প্লাজা-সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়কে তল্লাশিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের বন্দর থানার কাউয়ারচর এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মিজানুর রহমান হাওলাদার (৪৬) এবং পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়নের আয়রন এলাকার মৃত ফিরোজ শিকদারের ছেলে রুবেল শিকদার (৩২)।
পুলিশ জানায়, দুমকি থানার এএসআই শাহবাজ ও এএসআই শাহরিয়ার আলম রাকিব সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে বিশেষ মাদকবিরোধী অভিযান চালান। এ সময় সন্দেহজনক নোহা মাইক্রোবাসে তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১১, তারিখ ১২ নভেম্বর ২০২৬। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।























