ভাগ্নের পায়ের রগ কাটলেন মামা
- Update Time : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৫ Time View

রিয়াদ ইসলাম, আমতলী উপজেলা প্রতিনিধি
বরগুনার আমতলীতে জমি দখল করতে ঘর তোলায় বাঁধা দেয়ায় মামা আমিনুল ইসলাম বেল্লাল ভাগ্নে সুমন চৌকিদারের পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তার ছোট ভাই রায়হান ও মেঝ ভাই মাহবুবকে পিটিয়ে গুরুতর জখম করেছে। বড় ভাই রুহুল আমিন এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে আমতলী পৌরসভার লোচা গ্রামে।
জানাগেছে, আমতলী পৌরসভার লোচা গ্রামে রবিবার গভীর রাতে আমিনুল ইসলাম বেল্লাল পৈত্রিক জমিতে বহিরাগত সন্ত্রাসী এনে ঘর নির্মাণ কাজ শুরু করেন। এতে মেঝ ভাই মাহবুব, ছোট ভাই রায়হান ও ভাগ্নে সুমন চৌকিদার বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেজ ভাই আমিনুল ইসলাম বেল্লালের নির্দেশে সন্ত্রাসীরা তার ভাগ্নে সুমন চৌকিদারের ডান পায়ের রগ কেটে দেয় এবং অপর দুই ভাইকে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন।
আহত ভাগ্নের সুমনের বড় মামা রুহুল আমিন বলেন , রবিবার দিবাগত রাতে আমার সেজ ভাই বেলাল কাউকে না জানিয়ে জমি দখল করতে বহিরাগত সন্ত্রাসী এতে ঘর তুলছিল। এতে বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা ভাগ্নে সুমন চৌকিদারের ডান পায়ের রগ কেটে দেয় এবং দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করছি।
সেজ ভাই আমিনুল ইসলাম বেল্লালের স্ত্রী শিল্পি বেগম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো তারা আমার শ্বশুরের জমিতে তোলা ঘর ভাংচুর করে নিয়ে গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, সুমন নামের একজনের পায়ের রগ কাটা অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাকেসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

























