সুন্দরবনে দস্যু সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে মুক্ত
- Update Time : ০৭:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

মোঃ রাজু আহমেদ :
সুন্দরবনের বনদস্যু সম্রাট বাহিনীর হাতে মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া চার জেলে হলেন- মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২)। তারা খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।
সাব্বির আলম সুজন বলেন, বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দস্যু সম্রাট বাহিনী সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দস্যুদের কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জিম্মিদের রেখে বনের ভিতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ে নির্যাতন করে।






















