কক্সবাজারে অজ্ঞাতপরিচয় অন্তঃসত্ত্বা নারী উদ্ধার, চিকিৎসকের বিনামূল্যে অপারেশনের ঘোষণা
- Update Time : ০৪:৪৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৫ Time View

কক্সবাজারের শাহ ফকির বাজার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক অন্তঃসত্ত্বা নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় কয়েকজন সচেতন ও মানবিক যুবক। ওই নারীর গর্ভে যমজ সন্তান রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহ ফকির বাজার এলাকার একটি দোকানের সামনে ওই নারীকে মারাত্মক অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন ইরফান, শাহাব উদ্দিন, মামুন, ফয়সাল ও ওমর ফারুকসহ স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবী। মুহূর্তের কালক্ষেপণ না করে তাঁরা দ্রুত ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
পরবর্তীতে তাঁকে ডা. ইউসুফ আলীর তত্ত্বাবধানে ভর্তি করা হয়। রোগীর শারীরিক অবস্থা ও অসহায়ত্ব বিবেচনা করে চিকিৎসক সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করার ঘোষণা দেন। তবে হাসপাতালের নিয়ম অনুযায়ী রোগীর পক্ষ থেকে একজন অভিভাবক বা প্রতিনিধির স্বাক্ষরের প্রয়োজন থাকায় সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, অপারেশনের পর ওষুধপত্র ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকার সম্পূর্ণ দায়িত্ব কাঁধে নিয়েছেন এক মানবিক ব্যক্তি।
স্থানীয় যুবকদের এমন স্বতঃস্ফূর্ত মানবিক উদ্যোগ এবং চিকিৎসক ডা. ইউসুফ আলীর মহৎ সহমর্মিতায় মুগ্ধ হয়েছেন এলাকাবাসী। সমাজের বিত্তবান ও সচেতন মহলের পাশাপাশি অজ্ঞাতপরিচয় ওই নারীর সঠিক পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

























