মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু।
- Update Time : ০৩:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১১ Time View

শামীম আহমেদ
দৈনিক লিখনী সংবাদ মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাঠে অসাবধানতাবশত পড়ে থাকা বিদ্যুতের সার্ভিস তারে স্পৃষ্ট হয়ে মোঃ শুকুর আলী (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (১৪ জুন) মহেশপুর থানার ৭ নম্বর কাজিরবেড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামন্তা চারাতলাপাড়ার মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী উপজেলার সামন্তা চারতলাপাড়া গ্রামের মোহাব্বত আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত শুকুর আলী মাঠে কৃষিকাজ করতে গিয়েছিলেন। এ সময় সামন্তা চারাতলাপাড়ার মাঠের জমিতে আগে থেকেই একটি সেচ মোটরের বিদ্যুৎবাহী সার্ভিস তার ছিঁড়ে বা অসাবধানতাবশত পড়ে ছিল। শুকুর আলী মাঠে কাজ করার একপর্যায়ে ওই অসাবধানতাবশত পড়ে থাকা তারের সংস্পর্শে আসেন। মুহূর্তের মধ্যেই তিনি তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরে মাঠের অন্য কৃষকরা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এলাকাবাসীর অভিযোগ, মাঠে সেচ মোটরের বৈদ্যুতিক তার এভাবে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকার কারণেই একটি তাজা প্রাণ অকালে ঝরে গেল। তারা মাঠে কৃষকদের নিরাপত্তায় দ্রুত এ ধরনের বিপজ্জনক তারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মহেশপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। এলাকায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।





















