মহেশপুরে সামাজিক বনায়নের সরকারি গাছ উধাও: তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি
- Update Time : ১০:০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ৮ Time View

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সামন্তা পটিপাড়া থেকে গোপালপুর মাঠপাড়া পর্যন্ত সংযোগ সড়কের দু’পাশে বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রোপণকৃত সরকারি গাছ একের পর এক গায়েব হয়ে যাচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি ভেস্তে যেতে বসেছে সরকারের বনায়ন উদ্যোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৭নং কাজীরবেড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সামন্তা পটিপাড়া হতে ৮নং ওয়ার্ডের গোপালপুর মাঠপাড়া পর্যন্ত সংযোগ সড়কের দু’পাশে মহেশপুর উপজেলা বন বিভাগের তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল।
ছবিতে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিগত ২০২৫ সালের জানুয়ারি মাসে ধারণ করা চিত্রে দেখা যায়, সড়কটির দুই পাশে সতেজ ও বেড়ে ওঠা সবুজ গাছে ভরপুর ছিল পুরো এলাকা। অথচ ২০২৬ সালের আগস্ট মাসের বর্তমান চিত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র—সড়কের দু’পাশের অধিকাংশ গাছই গায়েব হয়ে গেছে এবং পুরো এলাকাটি বৃক্ষশূন্য হয়ে পড়েছে।
অভিযোগ রয়েছে, দিন অথবা রাতের অন্ধকারে অসাধু চক্র ধারাবাহিকভাবে সড়কের গাছগুলো কেটে ও ভেঙে বিনষ্ট করছে। এতে একদিকে যেমন সরকারি অর্থ ও শ্রমের অপচয় ঘটছে, অন্যদিকে গ্রামীণ সড়কের সৌন্দর্য ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সড়কের অবশিষ্ট গাছ রক্ষায় স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং ফাঁকা স্থানে পুনরায় নতুন চারা রোপণের জোর দাবি উঠেছে।
সামন্তা-গোপালপুর সংযোগ সড়কের বৃক্ষনিধন ও পরিবেশগত বিপর্যয় রোধে দ্রুত মাঠপর্যায়ে তদন্তপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা বন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




















