রাস্তার ওপর বাথরুম তুলে চলাচলে বাঁধা,১৬ বছর ধরে দুর্ভোগের শিকার ২০০ পরিবার।
- Update Time : ০১:৩৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১৪১ Time View

মিজানুর রহমান -স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়ার ইউনিয়নের মকরধ্বজপুর গ্রামে দীর্ঘ ৫৪ বছর আগের সরকারি খাস খতিয়ানের একটি আঞ্চলিক সড়কের মাঝখানে ক্ষমতার দাপটে অবৈধভাবে দীর্ঘ ১৬ বছর ধরে বাথরুম নির্মাণ করে অন্তত ২০০ পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মান্নান তরফদার নামে এলাকার প্রভাবশালী এক ব্যক্তি।
স্থানীয় এলাকাবাসী জানান,বিগত আওয়ামীলীগ সরকারের আমলে মান্নান তরফদার ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার জমিতে ইট দিয়ে বাথরুম তৈরি করেন।তখন তার দাপটে কেউ কিছু বলার সাহস পায়নি।সেই সময় এলাকাবাসী নিরুপায় হয়ে চলাচলের বিকল্প রাস্তা হিসেবে পাশের জমি দিয়ে চলাচল করতে থাকে।কিছুদিন পূর্বে পাশের জমির মালিক আব্দুস সাত্তার তার মালিকানা জমিটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন।এখন এলাকার প্রায় ২ শ পরিবার রাস্তা সংকটের জন্য যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্কুলগামী শিক্ষার্থী,অটো ভ্যান,বিভিন্ন ব্যবসায়ী সহ বয়স্ক ও রোগীদের বিকল্প দীর্ঘ পথ পাড়ী দিতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া বলেন,
“এই রাস্তাটা দিয়ে স্কুলে যাওয়া, বাজারে যাওয়া—সবই হতো। এখন ঘুরে যেতে হয় অনেকটা পথ। বাচ্চা-বুড়ো সবাই কষ্টে আছি।”
আরেক বাসিন্দা জানান,
“রাস্তাটা সরকারি। এটা ব্যক্তি মালিকানা হতে পারে না। আমরা বারবার বলেছি, কেউ শোনে না। এখন মিডিয়ার সামনে বলছি—আমাদের রাস্তাটা ফিরিয়ে দিন।”
এই বিষয়ে অভিযুক্ত মান্নান তরফদার বাড়ীতে না থাকায় তার স্ত্রী বলেন,এখন দেখছি মাপার পর আমাদের বাথরুম সরকারি রাস্তার জমিতে পড়েছে।সরকারি ভাবে যদি ভেঙ্গে দেওয়া হয় তাহলে আমাদের কোন সমস্যা নেই।
স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন বলেন,শালিস বৈঠকে বসে আমিন এনে মাপ ঝোপ করার পরেও মান্নান তরফদার মানছে না।
বর্তমানে জায়গা সংকট ও বৃষ্টিতে এক হাটু কাদা জমেছে রাস্তায় যার ফলে কোনো যানবাহন কিংবা মানুষ হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা মকরধ্বজপুর গ্রামের মানুষ প্রশাসনের কাছে একটাই দাবি রেখেছেন—রাস্তাটি দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক।
























