শান্তিকালীন পদকে ভূষিত হলেন নৌবাহিনীর ৪০ সদস্য
- Update Time : ০৯:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১১ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
অনুষ্ঠানে জানানো হয়, নৌবাহিনীর বিভিন্ন কর্মক্ষেত্রে অসামান্য অবদান, শৃঙ্খলা, দায়িত্বনিষ্ঠা ও সাহসিকতার নিদর্শন রাখায় এ পদক দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ জন নৌবাহিনী পদক (এনবিপি), ৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি), ৫ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ৭ জন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পেয়েছেন।
পদক প্রদান শেষে নৌবাহিনী প্রধান কৃতী সদস্যদের কর্মদক্ষতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং যেকোনো সংকট মোকাবিলায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সব নৌসদস্যের প্রতি আহ্বান জানান তিনি। এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি সদস্যদের মনোবল বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহ জোগাবে।
প্রসঙ্গত, নৌসদস্যদের বিশেষ অবদান ও কৃতিত্বকে সম্মান জানাতে প্রতিবছর শান্তিকালীন পদক প্রদান করে বাংলাদেশ নৌবাহিনী। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পদকপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।






















