শিবগঞ্জে মুদি দোকানি হত্যায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনঃ
- Update Time : ০৩:০০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১১৭ Time View

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০০ টাকা নিয়ে বাগবিতন্ডায় জড়িয়ে বাবুর হোসেন নামে এক মুদি দোকানিকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌরবাসীর আয়োজনে ইসরাইল মোড়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নৃশংসভাবে বাবুল হত্যার ঘটনায় পুলিশ এখনও নিরব ভূমিকা পালন করছে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার করছেনা। আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন যদি আসামিদের গ্রেপ্তার না করে, তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো এবং শিবগঞ্জ থানার সমস্ত পুলিশকে প্রত্যাহারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্বারস্থ হবো। বক্তারা আরও বলেন, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের কোন দল নেই।
তাদের কোন সমাজ নেই। সকলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী ও ছিনতাইকারীদের প্রতিহত করে সমাজে শান্তি-শৃংখলা প্রতিষ্ঠিত করবো। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ মনবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদি, নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী প্রমুখ।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, বৃহস্পতিবার রাতে নিহতের ভাই নজরুল ইসলাম বাদি হয়ে ১৫-১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা চলছে। উল্লেখ্য যে, গত ২১ আগষ্ট সকালে শিবগঞ্জ পৌর এলকার ইসরাইল মোড়ে বড়চক এলাকার গুমানের ছেলে আসাদুল, নিহত বাবুলের ভাই মোয়াজ্জেম হোসেনের বিকাশের দোকান থেকে দুই হাজার টাকা ক্যাশআউট করেন। দুই ঘন্টা পর আবারো দোকানে এসে ১০০ টাকার একটা নোট ছেড়া রয়েছে বলে ফেরত নেয়ার দাবি জানালে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। কিছুক্ষণ পর বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ১০-১৫ জন লোক মোয়াজ্জেমের দোকানে হামলা চালান আসাদুল। এ সময় ভাইকে বাঁচাতে গেলে হামলার শিকার হন মুদি দোকানী বাবুল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে স্বাস্থ্যের উন্নতি হলে বাবুল হোসেনকে বাসায় নিয়ে যায় স্বজনরা। তবে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হলে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। নিহত বাবুল হোসেন শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।























