সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ২।
- Update Time : ১২:৫১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১০ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
সুন্দরবনের বন্যপ্রাণী নিধন ও পাচার রুখতে নলিয়ান এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংসসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৯৯ হাজার টাকা মূল্যের সর্বমোট ৪৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা শহিদুল গাজী (৪২) এবং রুসুল গাজী (২৩)।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ আভিযানিক দল খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় এই অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে মাংস বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা দুই পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত হরিণের মাংস ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী হত্যা ও পাচারবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

























