প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি শিক্ষার্থী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত
- Update Time : ০৯:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১৪ Time View

জবি প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে এবার যুক্ত হচ্ছেন ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতা। তাঁদের একজন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত। অপরজন সংগঠনটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে প্রথমবারের মতো ছাত্রনেতাদের অন্তর্ভুক্তির বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিএনপি সরকার গঠনের পর পঞ্চম বিদেশ সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ (COP31) অংশ নিতে তাঁর এই সফর। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে সম্মেলনটি।
প্রধানমন্ত্রীর এবারের সফরসঙ্গী হিসেবে থাকছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। তাঁদের দুজনই গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান। এরপর চীন, যুক্তরাষ্ট্র ও জাপান সফর করেন তিনি। এসব সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছাত্রনেতাদের দেখা যায়নি। ফলে তুরস্ক সফরেই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা। তাঁদের মধ্যে কাজী জিয়াউদ্দিন বাসেতের অন্তর্ভুক্তি ছাত্রদলের সাংগঠনিক নেতৃত্বের জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন সফরসঙ্গী ছাত্রনেতা মমিনুল ইসলাম জিসান। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিপ্রধান বাংলাদেশের হাওরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি ও প্রাণহানির বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনতে চান। কৃষকদের জীবন রক্ষায় ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্রপাত প্রতিরোধী ব্যবস্থা স্থাপন ও কার্যকর করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য বিশেষ তহবিল গঠনের আহ্বান জানাবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিম ও দেশের বিশিষ্ট ব্যক্তিরাও সফরসঙ্গী হিসেবে থাকবেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন।
পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরে ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতার অংশগ্রহণকে ছাত্ররাজনীতির জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ছাত্রনেতাদের সম্পৃক্ততা তাঁদের জন্য আন্তর্জাতিক পরিসরে নিজেদের ভাবনা ও অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি করবে।























