ঈদগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে তিনচাকার যানবাহনের লাইসেন্স বিতরণ
- Update Time : ১০:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ Time View

মোবারক হোসাইন, ঈদগাঁও:
ঈদগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাকার শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনের লক্ষে টমটম, রিকশা, অটোরিকশা ও অটো ভ্যানসহ বিভিন্ন তিনচাকার যানবাহনের লাইসেন্স বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়িচালক ও মালিকদের হাতে লাইসেন্স তুলে দেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।
ইউপি সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ইউনিয়নের আওতাধীন মোটরচালিত ও অন্যান্য যানবাহনের লাইসেন্স প্রদান করা হয়।
লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে ইউনিয়নের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনগুলো একটি সুনির্দিষ্ট নিয়মতান্ত্রিক ব্যবস্থার আওতায় আসবে এবং যানবাহনের সঠিক তথ্য সংরক্ষণ করা সহজ হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও সামগ্রিক যানবাহন ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউনিয়ন পরিষদের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লাইসেন্স গ্রহণকারী গাড়ির মালিক ও চালকরা। তাদের মতে, নিয়ম মেনে যানবাহন পরিচালনার জন্য লাইসেন্স অত্যন্ত জরুরি। এতে মালিক-চালকদের মধ্যে দায়িত্বশীলতা বাড়ার পাশাপাশি সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট যানবাহন মালিক ও চালকদের প্রয়োজনীয় নিয়মকানুন মেনে নিয়মিত লাইসেন্স নবায়ন এবং তা সংরক্ষণের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
লাইসেন্স বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন যানবাহনের মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।

























