এক বছরে ১২ লক্ষাধিক টাকার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঈদগাঁও মডেল হাসপাতাল
- Update Time : ০১:১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

কক্সবাজারের ঈদগাঁও মডেল হাসপাতালের ব্যবস্থাপক ডা. ইউসুফ আলী বলেছেন, বিগত এক বছরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার্থে ১২ লক্ষাধিক টাকার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। এমনকি একেবারে নিঃস্ব রোগীদের জন্য বিশেষ ফান্ডের মাধ্যমে সম্পূর্ণ সুদমুক্ত ঋণ প্রদান করে চিকিৎসা সেবা নিশ্চিত করার অপূর্ব সুযোগও তৈরি করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে হাসপাতালের অডিটোরিয়ামে ঈদগাঁও উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপক মাওলানা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় এবং অর্থ বিভাগের প্রধান মাওলানা আবু বকরের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভাটি শুরু হয়।
সভায় ডা. ইউসুফ আলী আরও বলেন, “এই হাসপাতালটি কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে তোলা হয়নি। উপজেলার সাধারণ মানুষের সেবা ও কর্মসংস্থান সৃষ্টির মহান ব্রত নিয়ে এটি নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছে।”
তিনি জানান, হাসপাতালের ব্যবস্থাপনায় ‘প্রসূতি সেবা ফান্ড’ নামে একটি প্রকল্প ব্যাংক হিসাবের মাধ্যমে চালু করা হয়েছে, যার মাধ্যমে অত্যন্ত দরিদ্র ও প্রসূতি মায়েরা সুদমুক্ত ঋণের ভিত্তিতে কিস্তিতে সুবিধাজনক সময়ে পরিশোধ করে চিকিৎসা সেবা নিতে পারছেন। এছাড়া, হাসপাতালের শতাধিক কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রভিডেন্ড ফান্ডের পাশাপাশি আপদকালীন সুদমুক্ত ঋণ প্রদান প্রকল্পও চালু রয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, জন্মসূত্রে তিনি বগুড়ার বাসিন্দা হলেও গত দুই যুগ ধরে ঈদগাঁওতে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। স্থানীয় মানুষের সাথে তাঁর আত্মিক সম্পর্ক তৈরি হওয়ায় তিনি ঈদগাঁওতে হাসপাতালসহ বিভিন্ন সেবা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যা আজ দৃশ্যমান। হাসপাতালের সেবার মান উন্নত করতে তিনি গণমাধ্যমকর্মীদের সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
ডা. ইউসুফ আলী আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে রোগির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে যাতে কোনো গরিব রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখে হাসপাতালের দুটি কেবিন ২৪ ঘণ্টা উন্মুক্ত রাখা হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকার অর্ধশতাধিক দরিদ্র শিশু হামে আক্রান্ত হলে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং রোগী ও তাদের স্বজনদের থাকা-খাওয়া সম্পূর্ণ অবৈতনিক করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে একটি কুচক্রীমহল তাঁকে বিতর্কিত করার অপচেষ্টা চালালেও আল্লাহর রহমত ও সাধারণ মানুষের ভালোবাসার কারণে তা ব্যর্থ হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বিগত এক বছরে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণকারী রোগীদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও সেবার বিবরণসহ ১২ লক্ষাধিক টাকার চিকিৎসা ব্যয়ের একটি দীর্ঘ তালিকা গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান আজাদসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

























