বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি: মোংলা বন্দরে সর্বকালের সর্বোচ্চ কার্গো হ্যান্ডলিং ও রাজস্ব অর্জন
- Update Time : ০১:৩২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক মোংলা বন্দরে বিগত ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ কার্গো হ্যান্ডলিং ও রাজস্ব আয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বন্দরটির এই অভূতপূর্ব সাফল্য ও সার্বিক অগ্রগতি তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। অনুষ্ঠানে বাগেরহাট ও মোংলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
মতবিনিময় সভায় বন্দর চেয়ারম্যান জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতি এবং নৌপরিবহন মন্ত্রী জনাব শেখ রবিউল আলমের দিকনির্দেশনায় বন্দরের কার্যক্রমে অভূতপূর্ব গতিশীলতা এসেছে। সরকারের গৃহীত উন্নয়নমূলক পদক্ষেপের ফলেই সমাপ্ত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি সাফল্য অর্জিত হয়েছে।
সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে মোংলা বন্দরে মোট ৮১৫টি বাণিজ্যিক জাহাজ আগমন করেছে। বিদায়ী অর্থবছরে ৯১ কোটি ৫০ লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে ১২২ কোটি ৫১ লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং অর্জিত হয়েছে। এটি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৮ কোটি ৩৯ লাখ মেট্রিক টন বা ১৭.৬৬ শতাংশ বেশি। একইভাবে কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও নতুন মাইলফলক স্পর্শ করেছে এই বন্দর। পঁচিশ হাজার টিইইউজ লক্ষ্যমাত্রার বিপরীতে বন্দরে ২৯ হাজার ৭১৪ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের চেয়ে ৩৮.৪৯ শতাংশ বেশি।
অর্থনৈতিক দিক থেকেও মোংলা বন্দর বিগত অর্থবছরে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ৩৪৭ কোটি ৮৭ লাখ টাকা রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হলেও আয় হয়েছে ৩৮৭ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা। এটি আগের অর্থবছরের তুলনায় ১১.৭৬ শতাংশ বা প্রায় ৪০ কোটি ৮২ লাখ টাকা বেশি। এর পাশাপাশি মোংলা বন্দরের মাধ্যমে বিগত অর্থবছরে ১২ হাজার ৭৫ ইউনিট রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৪৯৬টি বেশি।
উক্ত সভায় মোংলা বন্দরকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে চলমান নানা উন্নয়ন প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করা হয়। সংবাদ সম্মেলনে বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর শফিকুল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) শেখ শওকত আলী, পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল আরিফ বিল্লাহ, বোর্ড সচিব কালাচাঁদ সিংহ, পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপপরিচালক (জনসংযোগ) সালাহ উদ্দিন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























