সুন্দরবনে মহেশপুর প্রেস ক্লাবের পরিচ্ছন্নতা অভিযান কটকা, কচিখালী ও ডিমেরচরে প্লাস্টিক-পলিথিন বর্জ্য অপসারণ
- Update Time : ০৬:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

শামীম আহমেদ মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে দুই দিনের সফরে সুন্দরবনের কটকা, কচিখালী ও ডিমেরচর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মহেশপুর প্রেস ক্লাব। এ সময় জোয়ারের পানিতে ভেসে এসে বনের বিভিন্ন স্থানে আটকে থাকা প্লাস্টিক, পলিথিনসহ পরিবেশদূষণকারী বর্জ্য অপসারণ করা হয়।
মহেশপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ দুই দিনের সফরে সুন্দরবনের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন প্রেস ক্লাবের সদস্যরা। অভিযানে সংগৃহীত প্লাস্টিক ও পলিথিন বর্জ্য যথাযথভাবে ধ্বংস করার জন্য কটকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান এবং কচিখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ মজুমদারের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জোয়ারের পানির সঙ্গে বিভিন্ন ধরনের প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য অপচনশীল বর্জ্য সুন্দরবনের বিভিন্ন স্থানে ভেসে আসে। পরে এসব বর্জ্য বনের স্থলভাগে আটকে থেকে দীর্ঘদিন পরিবেশ দূষণ করে। এতে সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্য প্রাণী ও জলজ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
এমন পরিস্থিতিতে সুন্দরবনের পরিবেশ সুরক্ষা এবং প্লাস্টিক-পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মহেশপুর প্রেস ক্লাবের এ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবেশকর্মী, সাংবাদিক ও পর্যটকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।
মহেশপুর প্রেস ক্লাবের(গত ১৫ ও ১৬ অক্টোবর-২৬)দুই দিনের এ সফরে কটকা, কচিখালী ও ডিমেরচর এলাকায় বর্জ্য অপসারণের মধ্য দিয়ে সুন্দরবনের পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রমের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।এসময় ইতিবাচক কাজের স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন শরণখোলার এসিএফ শরিফুল ইসলাম। এই বর্জ্য অপসারণে সহযোগিতা করেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, বাগেরহাট প্রেসক্লাবের আজীবন সদস্য অরিন্দম দেবনাথ । মহেশপুর প্রেসক্লাবের নেতৃত্ব দেন সভাপতি আব্দুর রহমান সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী বাবু। বর্জ্য অপসারণে অংশ গ্রহন করেন- আবুল কাসেম,মাহামুদুল হাসান মিলন, ওসমান গনি, মেহেদী হাসান সিরাজি,নাজমুল হাসান, আব্দল হামিদ, শামীম আহমেদ, আব্দুল হালিম চঞ্চল, খালিদ হোসেন, আসাদুল শাহাদাৎ হোসেন ও নাঈম।






















