অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু
- Update Time : ০৯:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ১৭৫ Time View

মোঃ বাবুল আক্তার (ক্রাইম রিপোর্টার)
যশোর জেলার অভয়নগরে বেপরোয়া গতির যাত্রীবাহী গড়াই পরিবহনের ধাক্কায় মোস্তফা সরদার (৪০) নামে এক নছিমন চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বসুন্দিয়ার মোড় নামক স্থানের মধ্যবর্তী স্থানে যশোর-খুলনা মহাসড়কে।
মৃত মোস্তফা সরদার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা রেজাউল সরদারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য ও নিহতের খালাতো ভাই রুহুল আমিন জানান, মোস্তফা সরদার পেশায় একজন নছিমন চালক ছিলেন। সকাল ৯টার দিকে তিনি প্রেমবাগ বাজার থেকে নছিমনে জ্বালানি কাঠ নিয়ে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে যশোরগামী বেপরোয়া গতির গড়াই পরিবহন নছিমনের পেছনে ধাক্কা দেয়। এতে নছিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোস্তফা সরদার গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রকিবুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়, তবে তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত নছিমন চালকের মরদেহ থানার হেফাজতে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

























