আমতলীর ছাত্র আমিরুলের পরিবেশবান্ধব কলম, লেখা শেষে মাটিতে পুঁতলেই গাছ
- Update Time : ১১:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ১৯৪ Time View

রিয়াদ ইসলাম , আমতলী বরগুনা
বরগুনার আমতলী উপজেলার দশম শ্রেণির ছাত্র আমিরুল ইসলাম পরিবেশবান্ধব এক ব্যতিক্রমী কলম তৈরি করে সবার নজর কাড়ছেন। সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামের বাসিন্দা মনিরুল হাওলাদারের ছেলে আমিরুলের তৈরি এই কলম লিখতে ব্যবহার করার পর মাটিতে পুঁতলেই গাছ জন্মাবে।
কাগজ, আঠা, কলমের শীষ এবং ফলজ গাছ বা সবজি বীজ দিয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ কলম। আমিরুল জানান, প্রতিটি কলম তৈরিতে খরচ হয়েছে মাত্র ৩ টাকা। বাজারে প্রচলিত প্লাস্টিকের কলমের পরিবর্তে ৯৫ শতাংশ কাগজ ও বীজ দিয়ে তৈরি এই কলম পরিবেশবান্ধব এবং পরিবেশ দূষণ রোধে সহায়ক হবে।
আমিরুল বলেন, “আমার এই কলম তৈরির মূল উদ্দেশ্য হলো পরিবেশের প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি করা এবং তরুণ সমাজকে সবুজায়নের সঙ্গে যুক্ত করা। প্লাস্টিকের ব্যবহার আমাদের পরিবেশ দূষণ করছে। আমার কলম ব্যবহার শেষে মাটিতে ফেললেও তা পচে গিয়ে গাছ হবে। আমি চাই সবাই এমন কলম ব্যবহার করুক এবং নিজ নিজ জায়গা থেকে সবুজায়নে ভূমিকা রাখুক।”
আমিরুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সহপাঠী ও এলাকাবাসী। আমারা আমতলীবাসী সংগঠনের দপ্তর সম্পাদক মো. ইমরান হোসাইন বলেন, “আমিরুল আমাদের সংগঠনের একজন স্বেচ্ছাসেবক সদস্য। তার তৈরি কলমটি পরিবেশবান্ধব এবং নতুনত্বে ভরা। এটি লেখার কাজেও কার্যকর এবং পরিবেশের জন্যও উপকারী। সরকারের উচিত তাকে পৃষ্ঠপোষকতা করা।”
ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং দেশের প্রতি ভালোবাসা থেকেই আমিরুল এ উদ্যোগ নিয়েছেন। কেউ চাইলে নিজের ছবি বা পছন্দমতো লেখা ও ডিজাইন দিয়ে কাস্টমাইজড কলমও তৈরি করে দিচ্ছেন তিনি।
আমিরুলের এই উদ্যোগ শুধু পরিবেশ সচেতনতা নয়, বরং দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য এক উদাহরণ হয়ে উঠেছে। তার উদ্ভাবন সবুজায়নের নতুন দিক উন্মোচন করতে পারে।




















