ঈদগাঁওয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Update Time : ০৮:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১২ Time View

মোবারক হোসাইন, কক্সবাজার
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী গান (হামদ-না’ত), রচনা লিখন, আজান, কবিতা আবৃত্তি এবং উপস্থিত বক্তৃতা—এই ছয়টি ইভেন্টে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় আজান ইভেন্টের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপ এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার মোট ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়, পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসা এবং মেহেরঘোনা হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) দাখিল মাদ্রাসা।
ইসলামিক ফাউন্ডেশন ঈদগাঁও উপজেলার সুপারভাইজার (অতিরিক্ত দায়িত্ব) জানান, প্রতিযোগিতায় নিরপেক্ষ ও সুচারু মূল্যায়নের জন্য বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিত্বরা বিচারকের দায়িত্ব পালন করেন।
নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনছুর আলম এ আয়োজনের প্রশংসা করে বলেন, স্থানীয় পর্যায়ে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রসারে এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার একজন শিক্ষক জানান, উপজেলাভিত্তিক এ ধরনের আয়োজনের ফলে স্থানীয় মাদ্রাস ও স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের দারুণ সুযোগ পেয়েছে। আলমাছিয়া ফাজিল মাদ্রাসার দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুল্লাহ জানায়, সুন্দর পরিবেশে সে ইসলামী গান ও উপস্থিত বক্তৃতায় অংশ নিতে পেরে আনন্দিত। এছাড়া ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মন্দিরা চৌধুরী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘খেয়া পারের তরণী’ কবিতা আবৃত্তিতে অংশ নেয়।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক সরওয়ার আকবর বলেন, “শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং ইসলামিক কৃষ্টি, তাহজীব ও তমুদ্দুনের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, আগামী ১৭ নভেম্বর জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

























