ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান,
- Update Time : ১২:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৮২ Time View

মুহাম্মদ সাইফুল্লাহ ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:-
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ একাধিক ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দিনভর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন ও উপজেলার ভুজপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইটভাটাগুলো হলো মেসার্স বাংলা বাজার ব্রিকস, মেসার্স ন্যশনাল ব্রিকস এবং মেসার্স ফটিকছড়ি ব্রিকস।উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই উপজেলা প্রশাসনের কাছে এসব ইটভাটা অবৈধভাবে পরিচালনার তথ্য ছিল। সোমবার দিনভর উপজেলার পাইন্দং, লম্বাবিল এবং ভুজপুরের কাজীরহাট এলাকায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে এসব ভাটা মালিককে জরিমানা করা হয়। পর্যায়ক্রমে বাকি ভাটায়ও অভিযান চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় তিনটি ভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’


























