মহেশপুরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু
- Update Time : ০৩:০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

শামীম আহমেদ মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো হুমায়রা (৩), যাদবপুর গ্রামের আশিকুর রহমানের মেয়ে এবং নাহিয়ান (৪), একই গ্রামের বাবুর ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে খেলতে খেলতে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরের দিকে ডোবার পানিতে প্রথমে হুমায়রার লাশ ভেসে ওঠে। বিষয়টি তার দাদি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ডোবায় নেমে খোঁজাখুঁজি করে নাহিয়ানের লাশ উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশু দুটি ডোবার পানিতে পড়ে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে হুমায়রা ও নাহিয়ান অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে যায়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
























