কুষ্টিয়ায় কালী নদীতে ডুবে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
- Update Time : ১২:০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ১৫৩ Time View

জিলহজ খান ,স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালী নদীতে পাট জাগ দিতে গিয়ে একসঙ্গে ডুবে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জুঙ্গলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন জুঙ্গলী গ্রামের মো. জাহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে জিহাদ (১০)। জাহিদুল কুষ্টিয়া পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এ কর্মরত ছিলেন, আর তার ছেলে জিহাদ জুঙ্গলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার অফিস থেকে ছুটি নিয়ে বাড়ির পাশের কালী নদীতে পাট জাগ দিতে যান জাহিদুল। কাজ শেষে ফিরে আসার সময় হঠাৎ পানিতে তলিয়ে যান তিনি। বাবাকে ডুবে যেতে দেখে ছোট ছেলে জিহাদ চিৎকার দিয়ে সাহায্য করতে গিয়ে নিজেও পানিতে পড়ে যায় এবং সেও ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়। জিহাদকে আশেপাশের হরিনারায়ণপুর সেবা প্রাইভেট ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বাবা ও ছেলের মৃত্যুকে ঘিরে গ্রামবাসীর মধ্যে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন খান জানান, পাট জাগ দিতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে কুমারখালী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রশাদ বিশ্বাস বলেন,নদীতে ডুবে দুইজনের মৃত্যুর ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশ উদ্ধার করেছেন।
























