বাবার শূন্যতা আর চোখের জল ছাপিয়ে দুই মেয়ের এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য
- Update Time : ১০:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১২ Time View

মোবারক হোসাইন, (কক্সবাজার জেলা)
জীবন থেমে থাকে না, তবে প্রিয় মানুষের শূন্যতা আজীবন হৃদয়কে নাড়া দেয়। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের আনন্দ ও বেদনার এক মিশ্র অনুভূতি নিয়ে এসেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দুই মেধাবী শিক্ষার্থীর পরিবারে। ফলাফল প্রকাশের আনন্দ উদযাপনের আগেই পৃথিবী থেকে বিদায় নেওয়া দুই পিতার দুই কৃতি সন্তান এবার এসএসসিতে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন।
মেধাবী রিমছির গোল্ডেন জিপিএ-৫:
প্রথম ঘটনাটি ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার মরহুম মনজুরুল হক চৌধুরীকে ঘিরে। তিনি ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের কার্যনির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন. তার মেধাবী মেয়ে তাপসি হক রিমছি ঈদগাহ মডেল হাই স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫.০০ (এ প্লাস) অর্জন করেছে. কিন্তু অত্যন্ত মর্মান্তিক বিষয় হলো, জীবিত অবস্থায় আদরের মেয়ের এই ঈর্ষণীয় সাফল্য দেখে যেতে পারেননি তার বাবা। ফলাফল প্রকাশের দিনই অনুষ্ঠিত হয় এই হতভাগ্য পিতার কুলখানি. রিমছির এই সাফল্যের পেছনে তার মাতা শারমিন হক চৌধুরী ও শিক্ষকদের পাশাপাশি মরহুম পিতার অনুপ্রেরণাও বড় ভূমিকা রেখেছে. অদম্য মেধাবী রিমছি ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশের সেবা করতে চায়.
বাবার স্বপ্ন পূরণে এগিয়ে চলা ইসরাত জাহান ইফা:
অন্যদিকে, একই এলাকার মরহুম ইউনুস কোম্পানির কৃতি কন্যা ইসরাত জাহান ইফা বাবাকে হারিয়েও ভাঙেননি, বরং পড়াশোনা চালিয়ে অর্জন করেছেন চমৎকার সাফল্য। তিনি ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ ৩.৮৯ অর্জন করেছেন. ফলাফলের ঠিক কিছু দিন আগে বাবাকে হারালেও দমে যায়নি ইফা। সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (ICT) ‘এ প্লাস’ (A+) সহ বাংলা, বিজ্ঞান, ইসলাম শিক্ষা, বিশ্ব ইতিহাস এবং কৃষি শিক্ষায় ‘এ’ গ্রেড অর্জন করে নিজের অধ্যবসায়ের প্রমাণ দিয়েছে.
মেয়েরা ভালো ফলাফল করায় পরিবার ও এলাকাবাসী আনন্দিত হলেও দুই বাবার অনুপস্থিতি পুরো পরিবেশকে করেছে ভারাক্রান্ত। স্বজনহারা এই দুই শিক্ষার্থীর বিদেহী পিতার আত্মার মাগফিরাত এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন সংশ্লিষ্ট পরিবারগুলো।

























