মোংলায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান
- Update Time : ০১:২০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

প্লাস্টিক দূষণ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মোংলায় দিনব্যাপী আলোচনা সভা, র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)-এর “ইন্টিগ্রেটেড এ্যাপ্রোচ টুওয়ার্ডস সাসটেইনেবল প্লাস্টিক ইউজ এন্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সহ-আয়োজক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে পশুর রিভার ওয়াটারকিপার, বিডি ক্লিন ও প্রথম আলো বন্ধুসভা।
বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমানের সভাপতিত্বে ও জানে আলম বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে একক কোনো উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল আচরণ।”
কর্মসূচির স্বাগত বক্তব্যে ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট মোঃ সহিদুল ইসলাম (সিয়াম) প্রকল্পের মূল উদ্দেশ্য তুলে ধরেন এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর জোর দেন। এ ছাড়া পরিবেশ সুরক্ষায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা ও জনগণের সুসংগঠিত অংশগ্রহণের আহ্বান জানান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিডোর ন্যাশনাল কনসালটেন্ট মোঃ মহিদুল ইসলাম, ‘সুন্দরবন রক্ষায় আমরা’ সংগঠনের সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, প্রথম আলো বন্ধুসভার ধীমান মন্ডল এবং ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর জান্নাতুল সাদিয়া।
আলোচনা পর্ব শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপস্থিত সকলেই পরিবেশ সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়ে শপথ গ্রহণ করেন এবং স্বাক্ষর বোর্ডে স্বাক্ষর করেন। পরে একটি সচেতনতামূলক র্যালি মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে মেরিন ড্রাইভ রোড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
দিনব্যাপী এই সামাজিক উদ্যোগে পরিবেশকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের তিন শতাধিক স্বেচ্ছাসেবক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
























