সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন
- Update Time : ০১:০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ১২৬ Time View

কক্সবাজার রিপোর্টার: আবির হোসেন (সান)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক কিশোরের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (২২ জুন) দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ৪৪-এর সংলগ্ন জিরো লাইনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার।
আহত কিশোর আরাফাতুল ইসলাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামছড়ি এলাকার বাসিন্দা খুইল্যা মিয়ার ছেলে।
সাবেক চেয়ারম্যান নুরুল আবছার জানান, আরাফাতুল তার বাবার সঙ্গে সীমান্ত এলাকায় বাঁশ সংগ্রহ করতে গিয়েছিল। এসময় অনাকাঙ্ক্ষিতভাবে একটি স্থলমাইনের ওপর পা পড়ে গেলে তাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার বাঁ পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “আমাদের প্রাপ্ত তথ্যমতে, মাইন বিস্ফোরণের ঘটনাটি সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২৫০ মিটার মিয়ানমারের ভেতরে ঘটেছে। এতে বাংলাদেশি কিশোর আরাফাতুল আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।


























