চৌফলদণ্ডীতে ঈদগাঁও আধুনিক হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন: ৩ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান
- Update Time : ০৭:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ১২ Time View

কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে আর্তমানবতার সেবায় দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত স্থানীয় সাগরমনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করে ঈদগাঁও আধুনিক হাসপাতাল পিএলসি।
ক্যাম্পে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনভর প্রায় ৩০০ জন গরিব, দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের সেবা প্রদান করেন একঝাঁক অভিজ্ঞ চিকিৎসক: ডাঃ হোছাইন মোহাম্মদ জুনায়েদ আনসারী: হৃদরোগ, ডায়াবেটিস, বাত-ব্যথা ও মেডিসিন বিশেষজ্ঞ। ডাঃ তানজিলা জাহান জিসাদ: প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং সার্জন। ডাঃ আরিফ উল্লাহ: মেডিসিন, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ। ডাঃ তারিকুল ইসলাম তুহিন: নাক-কান-গলা ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ। ডাঃ মোঃ জোনায়েদ উদ্দিন: নবজাতক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ। ডাঃ আসমা ফাতেমা: নবজাতক ও শিশু রোগ অভিজ্ঞ চিকিৎসক।
এস এম সরওয়ার কামালের পরিচালনায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। কার্যক্রম চলাকালীন পরিদর্শনে আসেন এবং রোগীদের খোঁজখবর নেন চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদগাঁও উপজেলা আমির মাওলানা সলিম উল্লাহ জেহাদী এবং চৌফলদণ্ডী ইউনিয়ন আমির মাওলানা রায়হান উদ্দিন।
ইউপি চেয়ারম্যান মনজুর আলম চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। তিনি এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজক সংস্থা ঈদগাঁও আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতে এই ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ক্যাম্প শেষে সংশ্লিষ্ট সকল চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় এলাকাবাসীকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। বাড়ির পাশে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
























