উপকূলের মানুষের পাশে কোস্টগার্ড: শরণখোলায় ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ।
- Update Time : ১১:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৩ Time View

মো: রাজু আহমেদ(স্টাফ রিপোর্টার)
বাগেরহাটের শরণখোলায় দুস্থ ও অসহায় মানুষের সেবায় এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার মোংলা কোস্টগার্ড বেইসের ব্যবস্থাপনায় স্থানীয় রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চার ঘণ্টাব্যাপী একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে এলাকার ২৫৫ জন সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়েছে।
চিকিৎসা সেবার পাশাপাশি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও চরিত্র গঠনে আয়োজন করা হয় জনসচেতনতামূলক সেশন। এতে শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, দেশপ্রেম অর্জন এবং আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কোস্টগার্ড সবসময়ই কাজ করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে তাদের এই ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















