কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র্যালি ও সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ
- Update Time : ১১:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টার :
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় র্যালি, সমাবেশ ও সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহরে আয়োজিত র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিসচা কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।
সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগ, আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষভাবে বক্তব্য দেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা আমজাদ হোসেন বিদ্যুৎ, কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রতিনিধি আব্দুল মালেক। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সহ-সাধারণ সম্পাদক এস এম আতাউল গনি ওসমান, অর্থ সম্পাদক অঞ্জনকৃষ্ণ শীল শুভ এবং সাংবাদিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মীর আব্দুর রাজ্জাক, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণাবিষয়ক সম্পাদক মাহফুজ্জামান তিতাস, দপ্তর সম্পাদক প্রকৌশলী মাহমুদ আল হাফিজ অভি, সমাজকল্যাণ ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মিথুন আলী, যুববিষয়ক সম্পাদক সানজান ইসলাম প্রেম, প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সালাম এবং কার্যকরী সদস্য খোন্দকার সোহেল টানু, মনিরুজ্জামান মজুমদার, নাজমুল হাসান খান, আব্দুর রহিম, শরিফুল ইসলাম সুমন ও এস এম ইয়াসিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
কর্মসূচির অংশ হিসেবে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়। এতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ যাতায়াতের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
কর্মসূচির শেষ পর্যায়ে মরহুমা জাহানারা কাঞ্চনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
























