বগুড়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হাত ভেঙে হাসপাতালে ভর্তি সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচির হুশিয়ারি
- Update Time : ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ২৫২ Time View

(বগুড়া জেলা সংবাদদাতা)
১ মে ২০২৫:
বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন এলাকায় একদল দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে মারধর করে হাত ভেঙে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দৈনিক *ভোরের ডাক*-এর বগুড়া প্রতিনিধি এবং নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ফিলিং স্টেশনের পাশের একটি রুটির দোকানে বিশ্রাম নেন। এসময় ৮-৯ জন দুর্বৃত্ত তাকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে গিয়ে লাঠি, লোহার রড ও গাছের ডাল দিয়ে প্রায় আধাঘণ্টা ধরে নির্মমভাবে মারধর করে। হামলাকারীরা কোনো একটি সংবাদের প্রসঙ্গ তুলে হুমকিও দেয়। তার বাম হাত ভেঙে যায় এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ জানান, সাংবাদিক দয়া পূর্বে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় হয়রানির শিকার হন এবং উপজেলা প্রশাসন কর্তৃক নিষিদ্ধও হয়েছিলেন। তিনি এক যুগ ধরে রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মধ্যে সাংবাদিকতা করে আসছেন। তিনি বলেন, “মব সৃষ্টি করে একজন সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ।”
এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, দাবি আদায় না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
হামলার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মাকসুদ আলম হাওলাদারসহ অন্য গণমাধ্যম কর্মীরা দয়ার পাশে অবস্থান নেন।
এ বিষয়ে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান চৌধুরী বলেন, “আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দোষীরা যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে।


























