কেশবপুরে সরকারি গাছ ও কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে দু’জনের জরিমানা
- Update Time : ১২:১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ১২৩ Time View

মাহাবুর রহমান, কেশবপুর -(যশোর)
কেশবপুরে সরকারি রাস্তার গাছ কাটার অপরাধে সাতবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম কে ১০’হাজার টাকা এবং কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে রনজিত দত্ত (৭১) কে ৫০’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভালুকঘর গ্রামের জবেদ আলীর ছেলে রাশেদ গাজী (৩৬) সরকারি রাস্তার গাছ কর্তন করেছে। এমন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভালুকঘর গ্রামের জবেদ আলীর ছেলে রাশেদ গাজী (৩৬) কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এ ১০’হাজার টাকা জরিমানা এবং কর্তন করা গাছ জব্দ করেছেন। একই অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে চাঁদড়া গ্রামের মৃত সুধাংশু দত্তের ছেলে রনজিত দত্ত (৭১) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ ৫০’হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, সরকারি রাস্তার গাছ কাটার অপরাধে রাশেদ গাজীকে ১০’হাজার এবং কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে রনজিত দত্ত কে ৫০’ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষা এবং জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।





















