ড্রোন প্রযুক্তিতে কড়া নজরদারি: মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে কোস্টগার্ড।
- Update Time : ১২:১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৩ Time View

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা ও এর আশেপাশের নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক ড্রোন ও উন্নত সার্ভেইল্যান্স প্রযুক্তির ব্যবহারে পুরো এলাকায় এখন নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ১২ জুন শুক্রবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।
সংবাদ সম্মেলনে জোনাল কমান্ডার বলেন, মোংলা বন্দরের কার্যক্রম সচল, নিরাপদ ও গতিশীল রাখতে কোস্টগার্ডের টিম নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বন্দর চ্যানেল এবং প্রধান প্রধান নৌপথে কোস্টগার্ডের জাহাজ ও বোট সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। একই সাথে বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল রুটে চলাচলকারী পণ্যবাহী জাহাজের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কোস্টগার্ডের এই নিয়মিত টহল ও কড়া নজরদারির ফলেই দেশের বৈদেশিক বাণিজ্য নির্বিঘ্ন রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে।
ক্যাপ্টেন মেসবাউল ইসলাম আরো জানান, দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল এবং নদী তীরবর্তী সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পুশ-ইন বা অনুপ্রবেশ রোধে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই লক্ষ্য অর্জনে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাহায্যে বিশেষ একক ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতের দেশের এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে প্রত্যয় ব্যক্ত করা হয়।

























