পণ্য আমদানিকারক এর মামলায় মোংলা বন্দরে বিদেশী জাহাজ আটক।
- Update Time : ০৪:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ১৩১ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সার আমদানিকারক প্রতিষ্ঠান ‘খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং’-এর দায়ের করা এক মামলায় পানামা পতাকাবাহী ‘এম ভি এইচটিপি আম্বার’ নামে একটি বিদেশি জাহাজকে আটক করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
জাহাজটির বাংলাদেশের শিপিং এজেন্ট কসমস শিপিং লাইন্স লিমিটেডের মহা-ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, গত বছরের ২৪ ডিসেম্বর ভারতের পারাদ্বীপ বন্দর থেকে ‘এমভি এইচটিপি আম্বার’ জাহাজে ৯ হাজার ৬০০ মেট্রিকটন সার বোঝাই করে ২৭ ডিসেম্বর মোংলা বন্দরে আসে। এই জাহাজে সার আমদানি করে যশোরের নওয়াপাড়ার ‘খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং’। কিন্তু ওই জাহাজ থেকে সময়মতো তারা পণ্য (সার) খালাস করতে না পারায় জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অ্যাডমিরালটি স্যুট (সামুদ্রিক আইন) ১/২০২৬ আইনে গত ৮ জানুয়ারি উচ্চ আদালতে মামলা করেন।
সার আমদানিকারক প্রতিষ্ঠান ‘খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং’ এর পরিচালক সোহাগ আহমেদ খাঁন বলেন, গত ২৭ডিসেম্বর জাহাজটি মোংলা বন্দরে আসার পার তা থেকে সার খালাস শুরু হয়। তবে প্রথম দিনে এক হাজার মেট্রিকটন সার খালাস হওয়ার পরেরদিন থেকে টানা ১২ দিন সার খালাস বন্ধ করে দেয় জাহাজ কর্তৃপক্ষ। এতে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন।
এতে বাজারে সময়মতো সার সরবরাহসহ লাইটার ভাড়া এবং সার খালাসের শ্রমিক নিয়োগে মোটা অংকের আর্থিক ক্ষতি হয়েছে তাদের। একারণে তারা গত ৮ জানুয়ারি উচ্চ আদালতে জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন।
মামলার সব নথিপত্র গত ৯ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ আইনানুযায়ী ব্যবস্থা নিয়েছে। বর্তমানে ওই জাহাজ থেকে এখন সার খালাস হচ্ছে বলেও জানান আমদানিকারক সোহাগ আহমেদ খাঁন। তবে ১২ দিন সার খালাস বন্ধ হওয়ার ক্ষতিপূরণ দেয়া হলে মামলাটি প্রত্যাহার করে নেয়া হবে বলেও জানান তিনি।























