পবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা ঘটনায় উপজেলা কৃষক দল নেতা মর্তুজা বিল্লাহ গ্রেফতার
- Update Time : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৯ Time View

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মর্তুজা বিল্লাহ দুমকি উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।
আজ শুক্রবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দুমকি থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে গতরাত সাড়ে ১১টার দিকে মামলার ১১ নম্বর আসামি ও উপজেলা ছাত্রদল নেতা গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করল পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, গত সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে শিক্ষক ও কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন। এই ন্যাক্কারজনক ঘটনার দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, এজাহার পাওয়ার পরপরই আসামিদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মর্তুজা বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এদিকে, হামলায় জড়িত থাকার অভিযোগে গত বুধবার উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল ও শ্রমিক দলের ৯ জন নেতাকর্মীকে সংগঠন থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।


















