মহেশপুর-কোটচাঁদপুরের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব: অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- Update Time : ১১:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ১৬ Time View

দত্তনগরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হাসপাতালের উন্নয়ন ও আন্তর্জাতিক মানের মৎস্য প্রজনন কেন্দ্র গড়ার উদ্যোগ।
শামীম আহমেদ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
এলাকার সামগ্রিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, “এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য আমি চেষ্টা করে যাব। সারা জীবন বদনাম হবে, এমন কোনো কাজ আমি করব না।” মহেশপুর ও কোটচাঁদপুরের উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের মহেশপুর ডাকবাংলোর হলরুমে সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, মহেশপুরের দত্তনগর কৃষি ফার্মে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সম্ভাবনা রয়েছে। সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। কৃষি, শিক্ষা ও কর্মসংস্থানের প্রসারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মহেশপুর ও কোটচাঁদপুরের হাসপাতালগুলোর উন্নয়ন এবং ভৈরবা হাসপাতালটি চালু করার জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাতে জনবলসংকট নিরসনেও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া কোটচাঁদপুরের বলুহর বাওড়কে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের মৎস্য প্রজনন কেন্দ্র গড়ে তোলার বিষয়েও বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। তাঁর মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার কৃষি, মৎস্য, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
মহেশপুর ও কোটচাঁদপুরের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ এবং এলাকার সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে এলাকার মানুষের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান, সাবেক উপজেলা আহবায়ক এসএম শাহজাহান মহন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দীপা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন এবং মহেশপুর অফিসার্স ফোরামের যুগ্ম সম্পাদক খালিদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান রিপন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় মহেশপুর ও কোটচাঁদপুরের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন বক্তারা।

























