মোংলায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্ট গার্ড ডিজির মতবিনিময়
- Update Time : ১১:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মোংলা উপজেলা কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি আগত দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও আয়োজনের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোস্ট গার্ড প্রধান বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, উপাসনালয় রক্ষা এবং জনগণের জান-মালের সুরক্ষা নিশ্চিতে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত।”
তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের উপকূলীয় এলাকার পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে পূজার শুরু থেকেই কোস্ট গার্ডের ৩ হাজার ৫০০ জন সদস্য নিয়োজিত রয়েছেন। বিশেষ করে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার মোট ১৪৪টি পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে কাজ করা হচ্ছে বলেও জানান ডিজি।
প্রতিমা বিসর্জনের বিষয়ে সতর্কবার্তা দিয়ে কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, “প্রতিমা বিসর্জনের সময় যেকোনো সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় আমাদের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। একই সাথে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের হটলাইন নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।”
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























