মোংলায় ৩ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০২:৩১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
মোংলায় এক অভিযান চালিয়ে ৩ হাজার কেজি (প্রায় ৭৪ মন) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধ পলিথিন বিক্রি ও সংরক্ষণের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌর শহরের প্রধান বাজার এলাকার ডাঃ আঃ সামাদ সড়কে অবস্থিত ‘মেসার্স রাকিবুল এন্টারপ্রাইজ’-এ এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত উক্ত প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। পরবর্তীতে ব্যবসায়ী বাবুল মোল্লার দোকান এবং মাকড়ঢোন এলাকার নিজ বাসভবনে যৌথ তল্লাশি চালিয়ে মোট ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও জব্দ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ব্যবসায়ী বাবুল মোল্লাকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করে আদালত।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। অভিযানকালে বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষায় ও ক্ষতিকারক পলিথিন বন্ধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

























