জল সম্পদের সঠিক ব্যবহারে একাট্টা মণিরামপুর প্রশাসন: ৯টি ইউনিয়নের কমিটি নির্ধারণ
- Update Time : ১০:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৯৪ Time View

বিশেষ প্রতিনিধি: নয়ন রায়। আই,ডব্লিউ,আরএম প্রকল্পের অধীনে স্থানীয় অংশীদারিত্ব জোরদার; ইউএনও’র সভাপতিত্বে ত্রৈমাসিক সভা সম্পন্ন যশোরের মণিরামপুরে সেফাল ফর ইন্টাগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রজেক্ট (আই,ডব্লিউ,আরএম)-এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় অংশীদারিত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সলিডারিয়েড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্রের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২১শে অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভায় ৯টি ইউনিয়নের জন্য তিন সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভূমি, প্রকৌশল, যুব উন্নয়ন ও পাউবো’র উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সলিডারিয়েড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌসের সূচনায় সভাটি শুরু হয়। মূল আলোচনা ও সিদ্ধান্ত: সভায় বক্তারা সুসংগঠিতভাবে জল সম্পদ ব্যবহারে এবং এ সংক্রান্ত আইনি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। ইউএনও নিশাত তামান্না ৯টি ইউনিয়নের পানি সম্পদ ব্যবস্থাপনা সমন্বিত কমিটি থেকে প্রতিটি ইউনিয়নের জন্য তিন সদস্যের কার্যকরী কমিটি নির্ধারণ করেন। এছাড়াও, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোর জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল আলম চলতি অর্থ বছরে বেশ কয়েকটি খাল খননের মাধ্যমে এলাকার জল ধারণ ক্ষমতা বৃদ্ধির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম শোভন এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল আহম্মেদ রকি সহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে মূল্যবান মতামত দেন। এই পদক্ষেপ মণিরামপুরে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পেশাজীবীদের মধ্যে সমন্বয়ের এক নতুন দিগন্ত উন্মোচন করল।























