শাজাহানপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি প্রার্থী গোলাম রব্বানী
- Update Time : ০২:৪৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ১৫৬ Time View

শাকিল রানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর কুষাগাড়ী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসী পরিবারের সর্বস্ব ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মালয়েশিয়া প্রবাসী আব্দুল জব্বার ঘুটু জায়দারের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বসতবাড়ি ও ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। পরিবারের দাবি অনুযায়ী প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনার পর বুধবার (২৭ আগস্ট) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা জানিয়ে বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ইনশাআল্লাহ, জামায়াতে ইসলামী সর্বদা অসহায় মানুষের পাশে থাকবে।” এ সময় তিনি পরিবারটিকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন এবং আগামীতেও পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি ও গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, উপজেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, শ্রমিক নেতা আব্দুল বাছেদ, আবু হাসান, আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন।
স্থানীয় এলাকাবাসীরা গোলাম রব্বানীর এ মানবিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, তিনি সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকেন। তাদের মতে, সমাজ ও জাতির উন্নয়নে এমন নেতার প্রয়োজনীয়তা অপরিসীম।












