নওগাঁর ১১ টি উপজেলায় দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী পুলিশ সুপার তারিকুল ইসলামের
- Update Time : ১১:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৭ Time View

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেছেন, কোনো গোষ্ঠী বা ব্যক্তি দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে নওগাঁ জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর হস্তে তা দমন করবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন থানার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
এছাড়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), আনসার-ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই, ডিজিএফআই, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল, দর্শনার্থীদের নিরাপত্তা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ দুর্গাপূজা উপলক্ষে তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাবনা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি কোনো সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।
পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে ঘিরে নওগাঁয় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো গোষ্ঠী বা ব্যক্তি পূজামণ্ডপ, পূজা উদযাপন কিংবা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।






















