থানচিতে গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত, আহত ৫
- Update Time : ০১:১৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

মোবারক হোসাইন (কক্সবাজার)
বান্দরবানের থানচি উপজেলায় আলীকদম-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী একটি জিপ বা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে জিয়াবুল হক ও জসিম উদ্দিন নামের দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে থানচি উপজেলার আলীকদম-তিন্দু সংযোগ সড়কের ‘আগোয়া পাড়া’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই পর্যটক হলেন—কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়নগরপাড়ার শামসুল আলমের পুত্র জিয়াবুল হক এবং মোজাহের আহমদের পুত্র জসিম উদ্দিন।
আহতরা হলেন—একই এলাকার মতিউর রহমানের পুত্র শীষ মোহাম্মদ রাশেল, মৃত বশির আহমদের পুত্র মোহা. আলী লিটন, কামাল উদ্দিনের পুত্র লিটন এবং আনোয়ার হোসেনের পুত্র প্রবাসী কাদের হোসেন।
স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে আসা পর্যটকদের একটি দল আলীকদম হয়ে গাড়িযোগে তিন্দুর দিকে রওনা হয়। পথিমধ্যে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি পাশের একটি গভীর খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয় এবং গাড়িতে থাকা অন্য ৫ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত জানান, “তিন্দু সড়কে একটি পর্যটকবাহী গাড়ি উল্টে খাদে পড়ে দুই পর্যটক নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”





















