গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য রঞ্জন মন্ডল গ্রেফতার
- Update Time : ০১:৩৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

মোঃ রানা আহমেদ :
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা বিশু মন্ডলের সহযোগী রঞ্জন মন্ডল (৫৫) কে গ্রেফতার করেছে এসআরবি-৬।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি দল কাশিয়ানী থানার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজারে গোলক রায়ের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রঞ্জন মন্ডল সহযোগীদের নিয়ে সবুজ মুন্সী নামে এক যুবককে ইতালি পাঠানোর কথা বলে প্রথমে ১০ লাখ টাকা ও পাসপোর্ট নেয়। পরে তাকে শাহজালাল বিমানবন্দর থেকে লিবিয়া পাঠানো হয়। সেখানে বৈধ ভিসা না দিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা, শারীরিক নির্যাতন ও ভিডিও কলে পরিবারকে দেখিয়ে হত্যার ভয় দেখানো হয়। এভাবে ভুক্তভোগীর কাছ থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৪৬ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে লিবিয়া পুলিশ তাকে গ্রেফতার করে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফেরত পাঠায়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজিব বাদী হয়ে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল, গোপালগঞ্জে নালিশি অভিযোগ দায়ের করলে ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় মামলা দায়ের হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।























