মহেশপুর সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা পণ্ড: নো ম্যানস ল্যান্ডে আটকে দিল বিজিবি।
- Update Time : ১২:১৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ৮ Time View

শামীম আহমেদ, মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশইন’ করার একটি অপচেষ্টা সতর্কতার সঙ্গে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) ভোরের দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৭ নম্বর কাজীরবেড় ইউনিয়নের পাকরাইল সীমান্তবর্তী ৫৫ নম্বর প্রধান সীমানা পিলারের নিকটবর্তী জিরো লাইনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি সূত্রে জানা যায়, ভারতের সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছয়জন নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালায়। ঘটনাটি দেখতে পেয়ে সীমান্তে তাৎক্ষণিক তৎপরতা বাড়ায় বিজিবির সামন্তা ক্যাম্প। সামন্তা বিজিবি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শূন্য রেখাতেই (নো ম্যানস ল্যান্ড) তাদের গতিপথ আটকে দেয়।
আটক চেষ্টা চালানো ব্যক্তি দলের মধ্যে ২ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। বিজিবির কড়া পাহারা ও সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি এবং বর্তমানে নো ম্যানস ল্যান্ডেই বিজিবির নজরদারিতে অবস্থান করছেন।
সীমান্তের পরিবেশ স্থিতিশীল রাখতে এবং পুশইনের শিকার হওয়া ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
























