পীরগাছায় কিশোরীকে হয়রানির মামলায় একজন গ্রেপ্তার
- Update Time : ০১:২৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

নিজিস্ব (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দুলাল মিয়া (৫৫)। তিনি ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে। দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে সতর্কও করা হয়েছিল।
এজাহারে আরও বলা হয়, গত ৫ আগস্ট রাত ৯টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় অভিযুক্ত তার পথ আটকান এবং টানাহেঁচড়া করেন। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত সেখান থেকে চলে যান। এরপর ৬ আগস্ট রাতে বাড়ির জানালার কাছে গিয়ে ডাকাডাকি এবং ১ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে পুনরায় পথরোধের অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করেন। মামলায় অভিযুক্তের ছেলে সুমন মিয়ার (৩০) বিরুদ্ধেও পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে সুমন মিয়া হুমকির অভিযোগ অস্বীকার করে জানান, তিনি বিষয়টি মীমাংসার চেষ্টা করছিলেন।
ভুক্তভোগীর বাবা বলেন, মেয়ের নিরাপত্তার কথা ভেবে প্রথমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়েছিল। বারবার একই ঘটনা ঘটায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, এজাহার পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

























